স্টাফ রিপোর্টার যশোর
যশোরে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে এক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন (শুক্রবার) বিকেলে যশোর পুলিশ লাইন্স মাঠে নিয়োগ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সের উপস্থিতিতে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ও জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
ব্রিফিংয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা হতে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আগামীকাল ২৭ জুন (শনিবার) অনুষ্ঠিতব্য নিয়োগ ডিউটিতে নিয়োজিত সকলের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম নিয়োগ ডিউটির প্রতিটি টিমের সদস্যদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, "নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হবে।" একই সাথে তিনি সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি পালনের এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।
এদিকে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে চাকরিপ্রার্থী ও সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ, যশোর। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রার্থীদের সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি দেওয়া হবে। এই বিষয়ে কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন বা অনিয়মে না জড়াতে এবং কোনো প্রতারক চক্রের খপ্পরে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।