যশোর
যশোর প্রতিনিধি।।
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় শিহাব হোসেন (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে আহত শিহাব যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শিহাব হোসেন ওসমানপুর গ্রামের উত্তরপাড়ার আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও ভিকটিমের পরিবার জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে ওসমানপুর গ্রামের একটি বাগানে আম মাখানো খাওয়া ও পাড়াকে কেন্দ্র করে শিহাবের সঙ্গে একই এলাকার হালিমের ছেলে জিহাদ (১৫) ও তার বন্ধুদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জিহাদ ক্ষিপ্ত হয়ে শিহাবকে আক্রমণ করতে গেলে স্থানীয়রা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে দেন।
তবে এই ঘটনার রেশ ধরে দুপুর ২টার দিকে শিহাব যখন বাড়ির পাশের জনৈক মাসুদের পুকুরে গোসল শেষ করে ফিরছিল, তখন ওত পেতে থাকা জিহাদ পিছন থেকে অতর্কিত হামলা চালায়। জিহাদ তার পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা শিহাবকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিহাবের পিঠে জখম গুরুতর হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত জিহাদ পলাতক রয়েছে।
শিহাবের পরিবার এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।