নিজস্ব প্রতিবেদক।
যশোরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এক নারী হাজতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। পরে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ মা ও নবজাতকের প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতার ব্যবস্থা করে।
যশোর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, মহিলা হাজতি নং-৩৮০/২৬ বৃষ্টি খাতুন (১৯)-কে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে অ্যাম্বুলেন্সযোগে নেওয়া হচ্ছিল। পথে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে যশোরের চুরামনকাটি এলাকায় পৌঁছালে তার প্রসববেদনা তীব্র হয়ে ওঠে।
একপর্যায়ে অ্যাম্বুলেন্সেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। খবরটি যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে জানানো হলে মা ও নবজাতকের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহযোগিতার ব্যবস্থা করা হয়।
নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার, অলিভ অয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়। এ ছাড়া আনন্দঘন এই মুহূর্তে মা ও নবজাতককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ। পরে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন। তাদের প্রয়োজনীয় যত্ন ও চিকিৎসার বিষয়টি কারা কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে দেখছে।
কারাগারের কঠিন বাস্তবতার মধ্যেও একটি শিশুর জন্ম সেখানে মানবিকতার এক ভিন্ন আবহ তৈরি করেছে। নতুন এই শিশুর আগমন মা ও পরিবারের জন্য বয়ে এনেছে নতুন আশা ও স্বপ্ন।