যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন
যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর (৩০) নামে এক যুবককে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সুলতানপুর গ্রামের নুরু মিয়ার ছেলে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয় বলে দাবি এলাকাবাসীর।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি জাহাঙ্গীরকে কথিত অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করেন কয়েকজন এলাকাবাসী। একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে বিষয়টি পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় সুলতানপুর ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে জাহাঙ্গীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা, তাকে মারধরের প্রকৃত কারণ এবং তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগ ও ঘটনার বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।