যশোর প্রতিনিধি।।মোঃ জুম্মান হোসেনঃ
যশোরের শার্শা উপজেলায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে এক নারী এজেন্টকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুনা পারভীন নামে ওই নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইন বেটিং ও জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।
এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।