যশোরের বাঘারপাড়ায় পারিবারিক বিরোধ থামাতে গিয়ে লাঠির আঘাতে গুরুতর আহত এক।
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়ায় পারিবারিক বিরোধের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে হারুন অর রশিদ (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৯ নম্বর জামদিয়া ইউনিয়নের তেঘরী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হারুন অর রশিদ তেঘরী গ্রামের দিদার মোল্লার ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় একই এলাকার রফিকুল ইসলাম (৩০) ও আশরাফ ইসলাম (২৫), উভয়ের পিতা সালাম বিশ্বাস—পারিবারিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েন।
এ সময় হারুন অর রশিদ তাদের মারামারি থামাতে এগিয়ে গেলে অভিযোগ অনুযায়ী, তাকে ভারী লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
তবে ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।