প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৮:১৮ পি.এম
যশোরের বাঘারপাড়া পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে জখম করলেন স্ত্রী

জুম্মান হোসেন যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে মাসুম বিল্লাহ (৩৩) নামে এক ব্যক্তিকে তাঁর স্ত্রী ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার দরাজহাট ইউনিয়নের মহিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মাসুম বিল্লাহ ওই গ্রামের মৃত সুরত আলীর ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে পারিবারিক বিষয় নিয়ে মাসুম বিল্লাহর সঙ্গে তাঁর স্ত্রীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্ত্রী ঘর থেকে ধারালো দা নিয়ে এসে মাসুমকে লক্ষ্য করে আঘাত করেন। আত্মরক্ষার চেষ্টা করলে তাঁর দুই হাতেই ধারালো অস্ত্রের কোপ লাগে এবং তিনি রক্তাক্ত জখম হন।
আহত অবস্থায় মাসুম বিল্লাহ নিজেই বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। তবে তাঁর জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন, মাসুম বিল্লাহর দুই হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
বাঘারপাড়া থানা ডিউটি অফিসারের সঙ্গে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি মুঠোফোন বলেন, ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ হয়ে ফেরার পর থানায় এসে অভিযোগ দাখিল করবেন।
Copyright © 2026 দৈনিক যশোরের সংবাদ. All rights reserved.