যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন
যশোরের চাঁচড়া আরএইচডি থেকে মণিরামপুরের রাজগঞ্জ জিসি সড়কের ৪ কিলোমিটার অংশ প্রশস্তকরণ ও সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্প’–এর অধীনে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "সড়কটি প্রায় তিন বছর আগে সংস্কার করা হলেও সরু হওয়ার কারণে স্থানীয় মানুষ কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছিলেন না। চার হাজার মিটার দৈর্ঘ্যের সড়কটি প্রশস্ত করার এই উদ্যোগ এলাকার যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে।
জনসেবার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি আরও বলেন, "আল্লাহ জনগণকে সেবা করার সুযোগ দিয়েছেন। দলমত–নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।"
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কটি প্রশস্ত হলে যশোর ও মণিরামপুরের বিশাল এক জনগোষ্ঠীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। বিশেষ করে ভাতুড়িয়া, চাঁচড়া মধ্যপাড়া, চাঁচড়া মমিনপাড়া, দাঁড়িপাড়া, কালাবাগা, রূপদিয়ার একাংশ এবং রাজগঞ্জের বাসিন্দারা সরাসরি এই যোগাযোগের সুফল পাবেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।