জাহিদ,মণিরামপুর প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করে দ্রুত সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ জরুরি সমস্যায় নির্ধারিত অভিযোগ নম্বরে ফোন করেও অনেক সময় নম্বর ব্যস্ত (বিজি) দেখায় বলে জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।
শেখপাড়া খানপুর গ্রামের সাতনল বাজারের পূর্ব পাশে সরদার পাড়া এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় এক গ্রাহক জানান, গত ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি সরাসরি মণিরামপুর পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ করেন। অভিযোগ গ্রহণ করে সংশ্লিষ্টরা জানান, দুপুর ২টার সময় লোক পাঠানো হবে। কিন্তু সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো কর্মী ঘটনাস্থলে আসেননি বলে অভিযোগ করেন তিনি।
পরবর্তীতে সমস্যার বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযোগ নম্বর ব্যস্ত থাকায় কথা বলা সম্ভব হয়নি। বাধ্য হয়ে সংশ্লিষ্ট একজন কর্মকর্তার (এজিএম-২) 01769401284 নাম্বারে যোগাযোগ করলে তিনি জানান, মণিরামপুর বেশি দূরে নয়, প্রয়োজনে অফিসে এসে অভিযোগ জানাতে হবে। একাধিক অভিযোগ নম্বর চালুর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
স্থানীয় গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ চলে গেলে বা লাইনে কোনো ত্রুটি দেখা দিলে অভিযোগ কেন্দ্রের ফোনই তাদের একমাত্র ভরসা। কিন্তু সেই নম্বরেই যদি বারবার সংযোগ না পাওয়া যায়, তাহলে জরুরি মুহূর্তে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
তারা বলেন, বিদ্যুৎ লাইনের ত্রুটি থেকে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও যদি গ্রাহককে সরাসরি অফিসে গিয়ে অভিযোগ জানাতে হয়, তাহলে আধুনিক সেবা ব্যবস্থার উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়।
ভুক্তভোগী গ্রাহকদের দাবি, অভিযোগ গ্রহণ ব্যবস্থায় পর্যাপ্ত জনবল বৃদ্ধি, একাধিক কার্যকর যোগাযোগ নম্বর চালু এবং দ্রুত সেবা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হোক।