জাহিদ, মণিরামপুর,প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুর উপজেলার ১৩ নম্বর খানপুর ইউনিয়নের শালিকা বিল এলাকায় একটি পুরাতন মৎস্যঘের পুনঃখননের উদ্যোগকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ঘেরের পাশের বাসিন্দারা। জনস্বার্থে ঘের পুনঃখনন বন্ধ ও ঘেরটি বিলুপ্ত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন এলাকাবাসী।
আবেদনে উল্লেখ করা হয়েছে, শালিকা বিলের পাকা রাস্তার পশ্চিম পাশে অবস্থিত পুরাতন মৎস্যঘেরটি পুনঃখনন করা হলে এর পশ্চিম ও দক্ষিণ পাশের বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে পার্শ্ববর্তী কৃষি জমিগুলো ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকার কৃষকের কৃষি জমি ক্ষতির সম্মুখীন হবেন।
এছাড়া ঘেরের পশ্চিম পাশে অবস্থিত সরদারপাড়া গ্রাম জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় শত শত বসতবাড়ি জলাবদ্ধতার ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে এলাকার গাছপালারও ক্ষতি হতে পারে বলে অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, শালিকা বিলের পাকা রাস্তার পূর্ব পাশে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত না করে পশ্চিম পাশে ঘের পুনঃখনন করা হলে কৃষিজমি, পরিবেশ ও জনজীবনের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের কাছে দ্রুত সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা জনস্বার্থে সংশ্লিষ্ট ঘেরের পুনঃখনন কার্যক্রম বন্ধ ও ঘেরটি বিলুপ্ত করার দাবি জানিয়েছেন।এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।