জাহিদ, মণিরামপুর প্রতিনিধি:
সংসারের অভাব ঘোচাতে খুলনার কয়রা থেকে যশোরের মণিরামপুরে এসেছিলেন মোফাজ্জেল হোসেন (৪০)। স্বপ্ন ছিল কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটাবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। জীবিকার সন্ধানে এসে মৎস্যঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন তিনি।
৮ জুন সোমবার দুপুরে মণিরামপুর উপজেলার জালঝাড়া গ্রামের একটি মৎস্যঘেরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত মোফাজ্জেল খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, মৎস্যঘেরের সেচ মোটরের বৈদ্যুতিক তার গোছানোর কাজ করছিলেন মোফাজ্জেল। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে সহকর্মীরা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাফেজা খাতুন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
স্বজনরা জানান, পরিবারের আর্থিক দুরঅবস্থা কাটাতে কয়েকদিন আগে মোফাজ্জেল মণিরামপুরে কাজের উদ্দেশ্যে আসেন। তিনি ছিলেন পরিবারের প্রধান উপার্জনকারী। তার আকস্মিক মৃত্যুতে স্ত্রী-সন্তানসহ পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে এই দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে। তারা মৎস্যঘের ও কৃষি খাতে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।