স্টাফ রিপোর্টার, যশোরঃ
যশোর উপশহর বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নবনির্বাচিত সভাপতি, জেলা আইনজীবী পরিচালনা পরিষদের সাবেক কার্যকরী সদস্য ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী সেলিম রেজা ময়নাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি কাজী সেলিম রেজা ময়নাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে অভিভাবক সদস্য আফতাব আহমেদ, সাধারণ শিক্ষক সদস্য সেকেন্দার আলী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় অভিভাবকরা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের সভাপতির পদটি শূন্য ছিল। নতুন সভাপতি হিসেবে কাজী সেলিম রেজা ময়নাকে পেয়ে তারা আনন্দিত। তার নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি কাজী সেলিম রেজা ময়না বলেন, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।