যশোর প্রতিনিধি মোঃ জুম্মান হোসেনঃ
যশোরের চৌগাছা উপজেলায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে স্ত্রীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে স্বামীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রীও আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা (৩৫) মুক্তদাহ গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক বিরোধের জেরে একই এলাকার কয়েকজন প্রতিপক্ষের সঙ্গে জুয়েল রানার বিরোধ চলছিল। ঘটনার দিন তাকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলা করে গুরুতর আহত করা হয়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায় বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় জুয়েল রানাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী মায়া বেগমকে (৩৫) বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হয়। এরপর তার সামনেই জুয়েলের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়।
পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় জুয়েল রানাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল বলেন, “যতদূর জেনেছি, জুয়েল আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। গত কয়েকদিন ধরে স্থানীয় বিএনপির কিছু কর্মীর সঙ্গে তার বিরোধ চলছিল। এ ঘটনার পেছনে সেই বিরোধের বিষয়টি তদন্তে উঠে আসতে পারে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।