যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন
গণতন্ত্রের মাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে যশোর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও মাহফিল-পূর্ব স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক নার্গিস বেগম, যশোর জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুলুক চাঁদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির অতীতের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের কারাবরণ, হামলা ও মামলার শিকার হতে হয়েছে।
বেনাপোল পৌর বিএনপির একটি অনুষ্ঠানের স্মৃতিচারণ করে তিনি একটি কর্মসূচিতে এক কর্মীকে চার হাত-পা ধরে তিনতলার ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগের কথা তুলে ধরেন। তাঁর দাবি, গুরুতর আহত ওই ব্যক্তি দীর্ঘ ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান।
বক্তব্যে বেগম খালেদা জিয়ার সরকারের সময় নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার প্রসারে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি মেয়েদের শিক্ষায় উপবৃত্তি, নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা করেন।
তিনি বলেন, দেশের নারী সমাজকে এগিয়ে নিতে বেগম খালেদা জিয়ার সরকারের সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। এসব উদ্যোগের মাধ্যমে নারী শিক্ষা ও নারীর সামাজিক-অর্থনৈতিক অংশগ্রহণ আরও বিস্তৃত হয় বলেও তিনি উল্লেখ করেন।
পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে জেলা ও নগর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।