প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৬, ৭:৫৪ পি.এম
কৃষিতে প্রযুক্তির ছোঁয়া যশোরে শুরু হলো তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

নিজস্ব প্রতিবেদক
আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যশোর সদর উপজেলার কার্যালয়ের প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা ২০২৬’। আজ রবিবার সকালে যশোর সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন খোকন। তিনি এই মেলার শুভ উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোশারফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষিখাতের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির আধুনিকায়নের কোনো বিকল্প নেই। কৃষকদের সনাতন পদ্ধতি থেকে বের করে এনে আধুনিক ও সাশ্রয়ী প্রযুক্তিগত জ্ঞান সম্প্রসারণে এ ধরনের মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবারের মেলায় বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, সাশ্রয়ী কৃষি যন্ত্রপাতি ও কৃষি বিষয়ক নানাবিধ উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় কৃষকরা নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে সরাসরি জানতে ও ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুবর্ণ সুযোগ পাবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর সদরের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিভাগের স্থানীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানিয়েছেন, মেলা আগামী তিন দিনব্যাপী চলবে এবং প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণ ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে
Copyright © 2026 দৈনিক যশোরের সংবাদ. All rights reserved.