যশোর প্রতিনিধি :
বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে খুলনা রেঞ্জের আওতাধীন বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত ২৮ পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে বাবুর্চি থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা রেঞ্জের বিভিন্ন জেলা ও ইউনিটে দায়িত্ব পালনকালে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়ম এবং বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত ছিলেন। তাদের মধ্যে থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক ও গোয়েন্দা শাখায় দায়িত্ব পালন করা সদস্যও রয়েছেন। সংশ্লিষ্ট ইউনিটগুলোতে তারা ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এর অংশ হিসেবে প্রথমেই পুলিশ বাহিনীর অভ্যন্তরে শুদ্ধি অভিযান শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের অনৈতিক সুবিধা গ্রহণের প্রবণতা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং বাহিনীর প্রতি মানুষের আস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে আইজিপির। সেই নির্দেশনার ধারাবাহিকতায় খুলনা রেঞ্জজুড়ে একযোগে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।